শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে, আমরাই বিশ্বকে নেতৃত্ব দিতে পারব।’
শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘ইনকামিং লিডারস ট্রেনিং সেমিনারে’ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে আমরা কাজ করছি। এজন্য আমরা শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। পাশাপাশি, দক্ষ জনশক্তি গড়ে তুলতে আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভেট) ওপর গুরুত্ব দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ে তুলব। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।’
এ সময় মন্ত্রী শিক্ষাখাতের উন্নয়নে রোটারিয়ানদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। রোটারি বাংলাদেশের কান্ট্রি গভর্নর ইশতিয়াক জামান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।


