জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটকেন্দ্রে এজেন্টের কাছে প্রার্থী তালিকা এবং শিক্ষার্থীদের আইডি কার্ডের তথ্যসংবলিত নথি পাওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের দায়িত্ব ও তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনার তদন্ত দাবি করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক।
মঙ্গলবার দুপুরে নির্বাচন পর্যবেক্ষণের পর ইউনিভার্সিটি টিচার্স লিংকের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসেন সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
তিনি বলেন, ‘একটি ভোটকেন্দ্রে একজন প্রার্থীর এজেন্টের কাছে বই পাওয়া গেছে; যেখানে প্যানেল পরিচিতিসহ শিক্ষার্থীদের আইডি কার্ডসংক্রান্ত তথ্য সংযুক্ত ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হলে তারা সেটি জব্দ করে। এই আইডি কার্ড নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে থাকার কথা। তাহলে সেগুলো কীভাবে বাইরে গেল এবং কীভাবে ভোটকেন্দ্রে পৌঁছাল—এটাই আমাদের মূল প্রশ্ন।’
তার মতে, ব্যক্তিগত তথ্যসংবলিত এ ধরনের উপকরণ ভোটকেন্দ্রে থাকা ভোটারদের প্রভাবিত করতে পারে এবং নির্বাচনে সমান সুযোগের নীতিকে প্রশ্নবিদ্ধ করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের মাধ্যমে অর্জিত এই নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা জরুরি।’
অধ্যাপক ড. বিলাল হোসেন জানান, সকাল ৯টা থেকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে তারা নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। নির্বাচন শেষ হওয়ার পর বিস্তারিত পর্যবেক্ষণ ও চূড়ান্ত মতামত জানানো হবে।


