রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশাসহ একটি ‘চোর চক্রের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন নুর হোসেন (৩৬) ও নিজাম (৩৫)।
ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে মোহাম্মদপুর থেকে এক যাত্রীকে নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দেন অটোরিকশা চালক রাজু (২৪)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ধানমন্ডিতে পৌঁছানোর পর ওই যাত্রী চালককে ‘লাবাং’ খাওয়ার অনুরোধ করেন, যা চেতনানাশক মিশ্রিত খাবার বা পানীয় ছিল। সরল বিশ্বাসে তা গ্রহণ করার কিছুক্ষণ পর চালক অচেতন হয়ে পড়েন। এ সুযোগে ছদ্মবেশী যাত্রী অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় গ্যারেজ মালিক আলামিনের অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মামলা রুজুর পর ধানমন্ডি থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরে বুধবার রাতে ধানমন্ডির মনেশ্বর রোড এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে নুর হোসেন ও নিজামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী সেজে অটোরিকশায় উঠে কৌশলে চালকদের চেতনানাশক মিশ্রিত খাবার বা পানীয় খাইয়ে অচেতন করে যানবাহন চুরি করত। এ ছাড়া বিভিন্ন কৌশলে প্রতারণার আশ্রয় নিয়েও ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করত তারা।
চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং আরও অটোরিকশা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


