চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা মাঠে ফসলি জমিতে ক্ষতিকারক পোকা দমনে বিষমিশ্রিত ধান ছিটিয়ে রাখার পর তা খেয়ে দেশীয় প্রজাতির প্রায় ৫০০ পাখির মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মদনা মাঠের একটি চাষযোগ্য জমিতে পোকা দমনের উদ্দেশ্যে বিষমিশ্রিত ধান ছিটিয়ে রাখেন জমির মালিক। পরে ওই বিষমিশ্রিত ধান খেয়ে শালিক, চড়ুইসহ বিভিন্ন দেশীয় প্রজাতির পাখি অসুস্থ হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। মাঠে একসঙ্গে বিপুলসংখ্যক পাখির মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে একই দিন রাত সাড় ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন।
পরবর্তীতে জমির মালিক রাজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ক্ষতিকারক পোকা দমনের জন্য তার বাবা আতিয়ার জমিতে ওই বিষমিশ্রিত ধান ছিটিয়ে রেখেছিলেন, যা খেয়ে এই বিপুলসংখ্যক পাখির মৃত্যু হয়।
বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় অবহেলার জন্য প্রশাসনের পক্ষ থেকে জমির মালিককে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে বিষ ব্যবহারে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম জানান, ফসল রক্ষায় কীটনাশক ব্যবহারের জন্য নির্ধারিত নিয়ম ও নিরাপদ মাত্রা অনুসরণ করা বাধ্যতামূলক। খোলা জমিতে বিষমিশ্রিত ধান ফেলে রাখলে বন্য পাখির পাশাপাশি গৃহপালিত পশুপাখি এবং মানুষের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি হয়। জীববৈচিত্র্য রক্ষায় কৃষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


