চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে করা আরও চার মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছে আদালত। এসব মামলায় তার করা জামিন আবেদনের শুনানির জন্য এ দিন ধার্য করে হাইকোর্ট।
রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আলিফ হত্যা মামলার আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইয়েদা শাজিয়া শারমিন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন কবির, আল-আমিন, কোরশেদ আলম সেলিম, মোহাম্মদ নাজমুল হাসান এবং মো. মোখলেছুর রহমান।
অন্যদিকে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যসহ আরও কয়েকজন।
এছাড়াও আরও চারটি মামলায় তার করা জামিন আবেদন মঙ্গলবার আদেশের জন্য রেখেছে হাইকোর্ট।
এর আগে, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করে দিয়েছে হাইকোর্ট।
২০২৪ সালের ২৬ নভেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। একই দিনের ঘটনায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর আরও পাঁচ মামলায় আসামি করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে।


