নরসিংদীতে চিংড়িতে জেলি পুশ করার দায়ে পরিমল দাস নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত পরিমল পাইকারি মাছ ব্যবসায়ী।
সোমবার সকাল ৬টার দিকে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড়ে এমপি মার্কেটে মাছের পাইকারী আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই ব্যবসায়ীকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। সদর উপজেলা মৎস্য অফিসার এই অভিযানে সহযোগিতা করেন।

তিনি জানান, পাইকারি আড়তে চিংড়িতে অবৈধভাবে জেলি প্রবেশ করানোর দায়ে মাছের একজন পাইকারী ব্যবসায়ীকে মৎস ও মৎসপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে জব্দ করা জেলি মিশ্রিত প্রায় ১২৩ কেজি চিংড়ি মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

এর আগে গত ১৩ মে সদর উপজেলার বড়বাজার এলাকায় একই আইনে যে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল তিনি এই পাইকারী ব্যবসায়ীর কাছ থেকেই মাছ কিনেছিলেন বলে জানান মেফতাহুল হাসান।
জেলা প্রশাসনের নির্দেশে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


