সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
মঙ্গলবার রাত 8টা তিন মিনিটে সুপ্রিম কোর্টের গণসংযোগ কার্যালয় শোক বার্তায় প্রধান বিচারপতির শোকের কথা জানায়। শোক বার্তাটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
এতে বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন করার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন।
উল্লেখ্যে, মঙ্গলবার সকাল ৬টায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশ-বিদেশে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্র ও সরকার প্রধান শোক প্রকাশ করেছে।
দুপুরে প্রধান উপদেষ্টা জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে সাধারণ ছুটি ঘোষণার পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে বুধবারের জন্য সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ ছুটির অনুমোদন দিয়েছেন প্রধান বিচারপতি।
খালেদা জিয়া দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালে জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরে তিনি আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন।


