বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বুধবার ২০২৫ সালের শেষ দিন। সাধারণত প্রতিবছর এই দিনের শেষে আতশবাজি পুড়িয়ে, গান-বাজনা-হই-হল্লা করে, শোভাযাত্রা, খোলা ছাদে ডিজে পার্টি করে পুরনো বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিনের প্রথম প্রহর উদযাপন করেন অনেক মানুষ।
তবে এ বছর ঢাকায় সেসব নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে।
এই সময়ের মধ্যে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রাও করা যাবে না।
পাশাপাশি উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণউপদ্রব সৃষ্টি করে এমন কোনো কাজও করা যাবে না বলে জানিয়েছে ডিএমপি।
মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তার মৃত্যুতে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
পরে সংসদের উত্তর পাশে চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।


