চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) নির্বাচনে শহরে থাকা অনাবাসিক শিক্ষার্থী ভোটারদের যাতায়াত সহজ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাড়িয়েছে শাটল ট্রেন ও বাসের শিডিউল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শহরের নিউমার্কেট থেকে সকাল ৯টায় পাঁচটি ভাড়া করা বাস ছাড়বে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে। একই সময় ষোলশহর শপিং কমপ্লেক্স থেকেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পাঁচটি বাস রওনা দেবে। সকাল ১০টায় একই স্থান থেকে আরও পাঁচটি বাস ছেড়ে যাবে ক্যাম্পাসমুখী শিক্ষার্থীদের নিয়ে।
অন্যদিকে, শাটল ট্রেনেও যুক্ত হয়েছে একটি স্পেশাল ট্রেন। নিয়মিত সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ট্রেন ছাড়ার পর ধারাবাহিকভাবে সকাল ৮টা, ৯টা ৩০, ১০টা ১৫ ও ১১টা ৩০ মিনিটে ট্রেন চলবে। দুপুর ১২টার স্পেশাল ট্রেন ছাড়াও দুপুর ২টা ৩০ মিনিট, বিকেল ৩টা ৩০ ও ৫টায় আরও তিনটি ট্রেন বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের বহন করবে।
বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া চাকসুর সপ্তম নির্বাচনে ভোটার ২৭ হাজার ৫১৬ জন। যাতে ভিপি-জিএসসহ কেন্দ্রীয় সংসদে পদ ২৬টি। ১৫ হল ও হোস্টেল সংসদে পদ ১৪টি করে। যার বিপরীতে প্রার্থী ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ৪১৫। ৫টি অনুষদ ভবনে ১৫ কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৬০টি কক্ষে।


