চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মোট ৬৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
তিনি জানান, এই নির্বাচনে মোট ভোটার ছিল ২৭ হাজার ৫১৬ জন। যাদের মধ্যে ভোট দিয়েছেন ১৭ হাজার ৭১৭ জন।
বুধবার রাত ১০টার দিকে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার।
ড. মনির উদ্দিন বলেন, ‘মোট ১৭ হাজার ৭১৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সে হিসেবে ৬৫ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।’
এর আগে, সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ভোট দেওয়া হয়েছে ব্যালট পেপারে এবং গণনা করা হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) পদ্ধতিতে। ভোট গণনা সরাসরি দেখানো হচ্ছে ১৪টি এলইডি স্ক্রিনের মাধ্যমে।


