রাঙ্গামাটি সদর উপজেলার ৫ নং বন্দুকভাঙা ইউনিয়নে এক প্রতিবন্ধী চাকমা কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মৎস্য ব্যবসায়ী মো. সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখা।
শনিবার বিকালে ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য পর্যন্ত প্রদক্ষিণ করে।
সংগঠনটির ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক পায়া ম্রো’র সঞ্চালনায় এবং ঢাকা মহানগর শাখার সভাপতি কনেজ চাকমার সভাপতিত্বে সমাবেশে পাহাড়ি ও আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা পার্বত্য অঞ্চলে চলমান বিচারহীনতার সংস্কৃতি, ভূমি বিরোধ এবং আদিবাসীদের ওপর হওয়া নানামুখী নিপীড়নের তীব্র সমালোচনা করেন।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা বলেন, পাহাড়ের নারীরা আজ নিজেদের বাড়িতেও নিরাপদ নন। ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার হলেও কয়েকদিন পর কারাগার থেকে বের হয়ে মুক্তভাবে ঘুরে বেড়ায়।
স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, পাহাড়ে আইনশৃঙ্খলা ও মানবাধিকার নিশ্চিত করার মূল দায়িত্ব রাষ্ট্রের। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম সংসদ অধিবেশনে শ্রী এম এন লারমা বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণার কথা বলেছিলেন, যা তাকে এই ধারণার প্রবক্তা হিসেবে চিহ্নিত করে।
বর্তমান বিএনপি সরকারের তিন মাস অতিবাহিত হলেও আদিবাসীদের জন্য পূর্বঘোষিত ভূমি কমিশনের রূপরেখা দিতে না পারায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে পার্বত্য চুক্তি বাস্তবায়ন পরীবীক্ষণ কমিটি পুনর্গঠন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও আঞ্চলিক পরিষদের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা প্রশাসনিক ব্যবস্থার সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে সরকার পরিবর্তন হলেও বিচারহীনতার পুরোনো অপসংস্কৃতি রয়ে গেছে।
তিনি অভিযোগ করেন, এক অদ্ভুত শাসনব্যবস্থায় সন্তানহারা বাবা বিচার চাইলে উল্টো তাকে কুকি-চিন সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়। প্রকাশ্য দিবালোকে অনিক চাকমা হত্যার বিচার না হওয়া এবং বিনা বিচারে ৮ জন নারীসহ ৫৭ জন বম নাগরিকের দীর্ঘ ৭৬৮ দিন ধরে রাষ্ট্রীয় কারাগারে বন্দি থাকার বিষয়টি তিনি তুলে ধরেন।
হিল উইমেন্স ফেডারেশনের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রিয়া চাকমা বলেন, সরকার পরিবর্তন হলেও আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা দেখা যায় না। বান্দরবানে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার সুব্যবস্থা না থাকার সমালোচনা করে তিনি পাহাড় ও সমতলের সকল নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
বম স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি লালরিথাং বম বলেন, পার্বত্য চট্টগ্রামে জুম্ম নারীরা প্রতিনিয়ত সেটেলারদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন এবং প্রশাসন সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারছে না।
সভাপতির বক্তব্যে কনেজ চাকমা বলেন, রাষ্ট্রের জন্মলগ্ন থেকে আদিবাসীদের ওপর হাজারো নির্যাতনের ঘটনা ঘটলেও একটিরও সুষ্ঠু বিচার মেলেনি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৮ বছর পেরিয়ে গেলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হয়নি।


