চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পাচারের সময় ডিজেলভর্তি একটি ট্যাংকলরি জব্দ করেছে পুলিশ। ট্যাংকলরিটিতে সাত হাজার থেকে নয় হাজার লিটার ডিজেল ছিল।
মঙ্গলবার দুপুরে পুলিশ ও উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করে। এর আগে সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ভোলাহাট উপজেলার মেসার্স হিরো ব্রিক নামের একটি ইটভাটার সামনে থেকে ডিজেলভর্তি ট্যাংকলরিটি জব্দ করা হয়।
এ ছাড়া তেল পাচারের সময় একটি নসিমন, চারটি ট্রলি, দুটি চার্জার ভ্যান এবং অর্ধশতাধিক ড্রাম ও জার জব্দ করে ভোলাহাট থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হিরো ইটভাটার সামনে একটি লরি থেকে বিভিন্ন ড্রামে তেল পাচারের চেষ্টা করছে দুর্বৃত্তরা। সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ডিজেলভর্তি একটি ট্যাংকলরি, চারটি ট্রলি ও দুটি চার্জার ভ্যান এবং অর্ধশতাধিক ড্রাম ও জার জব্দ করা হয়।’
তিনি আরও জানান, লরিটি কোন কোম্পানির এবং কোন ডিপো থেকে তেল নিয়ে আসছিল তা তদন্ত করা হচ্ছে। চালক ও পাচারের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভোলাহাট উপজেলায় মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন নামে একটি মাত্র পাম্প থাকলেও পাম্প মালিক আব্দুল লতিফ জব্দ করা লরিটি তাদের নয় বলে দাবি করেন।
ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সানাউল মোরশেদ বলেন, ‘ডিজেলসহ ট্যাংকলরিটির মালিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে লরিটিতে সাত থেকে নয় হাজার লিটার ডিজেল ছিল। নথিপত্র অনুযায়ী ভোলাহাটের পাম্পের জন্য তেল বরাদ্দ হয়েছে মঙ্গলবার। সে হিসেবে বুধবার বরাদ্দ তেল বিক্রি হওয়ার কথা।’
লরিচালকসহ সংশ্লিষ্টদের আটকের পর এবং তদন্ত সাপেক্ষে তেল পাচারের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।


