সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ভোট পুনর্গণনা ও সরকারি-বেসরকারি ফলাফল স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন বিএনপির প্রার্থী এম আকবর আলী।
শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ আবেদন করেন তিনি।
আবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উল্লাপাড়া আসনের ফলাফলে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনাসংক্রান্ত অসঙ্গতি ও অনিয়ম দেখা গেছে। এর মধ্যে সব কেন্দ্রে ভোট গণনায় ও প্রদত্ত ফরম-১৬ এর তথ্যের মধ্যে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে। এ ছাড়া বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিক বেশি অথবা পরিবর্তিত হয়েছে। অনেক ভোটকেন্দ্রেই পোলিং এজেন্টদের কাছে ফলাফল না লিখেই জোরপূর্বক ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছে। এজেন্টদের উপস্থিতি সত্ত্বেও কিছু কেন্দ্রে সঠিকভাবে ফলাফল উপস্থাপন করা হয়নি। কেন্দ্রভিত্তিক ভোটের হিসাব ও মোট ফলাফলের মধ্যে গড়মিল পরিলক্ষিত হয়েছে।
তিনি বলেন, ‘সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ও ভোটারদের রায়ের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে সব কেন্দ্রের ভোট পুনরায় গণনার জন্য সদয় দৃষ্টি আর্কষণ করছি। ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত বেসরকারি ফলাফল স্থগিত ও সরকারি ফলাফল ঘোষণা না করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।’
উল্লেখ্য, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম আকবর আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ভোটের ব্যবধান মাত্র ৫৯৪।


