চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর উদযাপন শনিবার

চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর উদযাপন শনিবার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশে বৃহস্পতিবার ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে শুক্রবার। সেই অনুযায়ী, দেশের মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন শনিবার।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এই তথ্য জানান। বৈঠকটি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে।

বৈঠক শেষে মন্ত্রী বলেন, দেশের সাতটি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।

বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।

এ সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম এশিয়া) মো. হুমায়ুন কবীর, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ছাদেক আহমদ, প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনুর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আরিফুল হক মৃদুল, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ারেছ আনসারী, বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক মো. ফারুক আহম্মদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতি বছর রোজা শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলিম সমাজে ঈদুল ফিতর পালন করা হয়। এটি মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে মাসের দৈর্ঘ্য ২৯ বা ৩০ দিন হয়। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদ উদযাপন হয়। চাঁদ দেখা না গেলে রমজান পূর্ণ ৩০ দিনে সম্পন্ন হয় এবং তার পরেই ঈদ উদযাপন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad