বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতির ঘটনায় সিডিউল বিপর্যয়ের কারণে পঞ্চগড় থেকে তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এরমধ্যে একটি ঢাকাগামী হলেও, অপর দুটি পার্বতীপুর ও রাজশাহীগামী ছিল।
বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলাবান্ধা এক্সপ্রেস, দুপুর ১২টা ১০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস ও দুপুর ৩টা ৩০ মিনিটের কাঞ্চন আন্তঃনগর কমিউটার ট্রেনের ডাউন যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ।
জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দুর্ঘটনার কারণে বড় ধরনের এই সিডিউল বিপর্যয় হয়েছে। আপ সিডিউলে কোনো প্রভাব না থাকলেও, ডাউনে প্রভাব পড়েছে। তাই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তিনটি ট্রেনের ডাউন সিডিউল বাতিল করা হয়েছে।
এর মধ্যে যারা তিনটি ট্রেনে টিকিট কিনেছেন তাদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে। একই সঙ্গে সিডিউল স্বাভাবিক পর্যায়ে ফিরে আসার পর শুক্রবার থেকে আবারও যথা সময়ে ট্রেনগুলো পঞ্চগড় থেকে যাত্রা শুরু করবে।


