ঈদযাত্রায় যাত্রী চাপের মধ্যে অতিরিক্ত যাত্রী বোঝাই রোধে সরাসরি মাঠে নেমেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি জানিয়েছেন, নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণভাবে বন্ধ রাখার কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনে নীতিমালায় পরিবর্তন আনা হবে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর সদরঘাট এলাকায় যাত্রী নিরাপত্তা, সেবা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠার বিষয়টি পুরোপুরি বন্ধ করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কড়া নজরদারি করা হবে। তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেন, নিয়ম মেনে চলুন এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন।
ভবিষ্যতে পারাপারের ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনাও রয়েছে, যাতে ঘাট থেকে দূরে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা যায় এবং অনিয়ন্ত্রিতভাবে নৌকা-লঞ্চ চলাচল বন্ধ করা সম্ভব হয়।
অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত তাদের কাছে এমন কোনো অভিযোগ পৌঁছায়নি। তিনি বলেন, ‘এ পর্যন্ত একজনও যাত্রী আমাদের কাছে অভিযোগ করেননি যে তার কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়েছে।’
যাত্রী সুবিধার কথা বিবেচনা করে সরকার ইতোমধ্যেই ভাড়া ১০ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছে এবং তা কার্যকর রয়েছে। তিনি যোগ করেন, প্রতিদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলছে। কেউ যদি অতিরিক্ত ভাড়ার অভিযোগ করে, তবে তার ভিত্তি উপস্থাপনের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।


