নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে বাংলাদেশ দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।
রোববার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন শুধু বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নয়, এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের প্রতীক। এই উদ্যোগের মাধ্যমে দেশকে একটি সুস্পষ্ট বার্তা দেওয়া সম্ভব হবে যে, বাংলাদেশ ধীরে ধীরে পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
তারেক রহমান বলেন, টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া শুধু পরিবেশগত দায়বদ্ধতার বিষয় নয়; এটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।
প্রধানমন্ত্রী আরও বলেন, সৌরশক্তি এ সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক। দেশে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ সৌর বিকিরণ পাওয়া যায়। অসংখ্য ছাদ, শিল্পাঞ্চল, খোলা জমি ও উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বড় সম্ভাবনা ধারণ করে আছে।
তিনি জানান, গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির ব্যয় কমেছে। ফলে সৌরশক্তি এখন শুধু পরিবেশবান্ধব নয়, অর্থনৈতিকভাবেও কার্যকর সমাধান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সংসদ ভবনের এ প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ।
অনুষ্ঠানে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বক্তব্য দেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিসহ সংসদ সদস্য, হুইপ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


