চাঁদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা এবং আলাদা পলিথিনে মোড়ানো কাফনের কাপড় ও অন্য সরঞ্জামসহ প্রাণনাশের হুমকির চিঠি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে এ ঘটনা ঘটে। একই সঙ্গে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান বলেন, ‘রাত ১১টার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে প্রতিবেশী ও পুলিশকে খবর দেওয়া হয়। প্রশাসন ঘটনাস্থলে এসে দুটি চকলেট বোমা ও দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।’
তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক মনিরুজ্জামান মনির জানান, ঘটনাস্থলে গিয়ে দুটি চকলেট বোমা ও দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশের একাধিক ইউনিট।


