২০০৬ সালের জুন মাস। জার্মানির তীব্র রোদে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছেন এক তরুণ পর্তুগিজ উইঙ্গার—নাম তার ক্রিশ্চিয়ানো রোনালদো। সে এক অন্য যুগ, অন্য সময়। অথচ ফুটবল নামক এই জাদুকরী খেলার মহিমায় আজ ২০২৬ সালে এসে সেই রোনালদোই যখন নিজের ষষ্ঠ বিশ্বকাপ রাঙাতে প্রস্তুত, তখন বিশ্বমঞ্চের এক অন্যপ্রান্তে বুট জোড়া বাঁধছে এক কিশোর, যার জন্মই হয়েছিল জার্মানি বিশ্বকাপের দুই বছর পর!

হিসাবের খাতা উল্টেপাল্টে দেখলে মাথা ঘুরে যেতে বাধ্য। পর্তুগিজ যুবরাজ যখন জার্মানির সবুজ ঘাসে প্রথম বিশ্বজয়ের স্বপ্ন বুনছেন, মেক্সিকোর এক কোণে তখনো জন্ম নেননি গিলবার্তো মোরা। অথচ সময়ের এক অদ্ভুত খেয়া নৌকায় চড়ে তারা দুজন আজ একই আকাশের নিচে, একই বিশ্বমঞ্চে। উত্তর আমেরিকার মাঠে শুরু হতে যাওয়া ৪৮ দলের এই মহাযজ্ঞ কেবল ট্রফির লড়াই নয়; এ যেন জীবনের দুই প্রান্তের দুই মুসাফিরের এক অবিশ্বাস্য মিলনমেলা, যেখানে একপাশে দাঁড়িয়ে আছে ৪৩ বছরের জাঁদরেল অভিজ্ঞতা আর অন্যপাশে ডানা মেলছে ১৭ বছরের অবাধ্য যৌবন।
এবারের আসরের সবচেয়ে কনিষ্ঠ বিস্ময় বালকটির নাম গিলবার্তো মোরা। বয়স মাত্র ১৭ বছর ২৪০ দিন। ফুটবল পণ্ডিতরা তার পায়ের জাদুতে মুগ্ধ হয়ে তাকে ডাকছেন ‘মেক্সিকান পেদ্রি’ নামে। মেক্সিকোর ফুটবল ইতিহাসে এত কম বয়সে জাতীয় দলের জার্সিতে ঝড় তোলার রেকর্ড আর কারো নেই। এবার যখন সে মাঠে নামবে, তখন ফুটবল সম্রাট পেলের এক কালজয়ী রেকর্ডের ঠিক পরের সারিতে বসে যাবে তার নাম। পেলের চেয়ে মাত্র পাঁচ দিনের বড় হিসেবে সে হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম কনিষ্ঠতম বিশ্বকাপার। যে বয়সে সমবয়সী তরুণেরা টেলিভিশনের পর্দায় প্রিয় তারকার গোল দেখে চিৎকার করে, সেই বয়সে মোরা নিজেই নেমে পড়েছেন কোটি মানুষের চিৎকার আর স্বপ্নকে কাঁধে নিয়ে।
গিলবার্তো মোরা আর দশজন তরুণ ফুটবলারের চেয়েও কিছুটা আলাদা। এরই মধ্যে ইউরোপের ক্লাব ফুটবলে বোদ্ধাদের নজর কেড়েছেন। এবারের বিশ্বকাপ আসরে সেরা তরুণ খেলোয়াড়ের মুকুট জয়ের অন্যতম দাবিদারও হয়ে ওঠতে পারেন তিনি।

তবে অনেকেই ভেবেছিলেন, ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোই বুঝি এবারের আসরের সবচেয়ে প্রবীণ সৈনিক হতে যাচ্ছেন। কিন্তু ফুটবল বিধাতা যেন এই নাটকের চিত্রনাট্য আরো রোমাঞ্চকর করে লিখে রেখেছিলেন। রোনালদোর সেই চেনা দাপটকে আড়াল করে দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রবীণতম যোদ্ধার মুকুটটি কেড়ে নিয়েছেন স্কটল্যান্ডের অতন্দ্র প্রহরী ক্রেগ গর্ডন।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে এই স্কটিশ গোলরক্ষকের বয়স ৪৩ বছর ১৬২ দিন। বয়সকে স্রেফ বুড়ো আঙুল দেখিয়ে, ক্যারিয়ার ধ্বংসকারী সব ভয়াবহ চোটকে পায়ের নিচে পিষে দিয়ে গর্ডন যেভাবে স্কটল্যান্ডের গোলপোস্টের নিচে এসে দাঁড়িয়েছেন, তা যেকোনো রূপকথাকেও হার মানায়। তার সমসাময়িক ফুটবলারদের অনেকেই যখন বুট জোড়া তুলে রেখে কোচের ডাগআউটে কিংবা ধারাভাষ্যকার কক্ষে শীতাতপ নিয়ন্ত্রিত আরাম আয়েশে দিন কাটাচ্ছেন, গর্ডন তখনো গ্লাভস হাতে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে বাঘের মতো গর্জন করছেন।

৪৩ বছরের গর্ডন, ৪১ বছরের রোনালদো আর ৪০ বছরের মেক্সিকান প্রাচীর গুইলারমো ওচোয়ারা যেন এই টুর্নামেন্টে এসে এক অলিখিত ইশতেহার ঘোষণা করেছেন—শরীরে বয়সের ছাপ পড়তে পারে, কিন্তু মনে জং ধরতে দেওয়া যাবে না।
একই সবুজ ক্যানভাসে এই দুই অসমের লড়াই আসলেই এক চরম বৈপরীত্যের সৌন্দর্য। এক প্রান্তে ক্রেগ গর্ডন যখন নিজের দুই দশকের অভিজ্ঞতার চশমা দিয়ে মাঠের গতিপ্রকৃতি মেপে নেন, অন্য প্রান্তে গিলবার্তো মোরা তখন মাঠের ব্যাকরণ ভেঙে নিজের তরতাজা রক্তের গতিতে ডিফেন্ডারদের স্তব্ধ করে দেয়। একপাশে রয়েছে জীবনের বহু চড়াই-উতরাই পার হওয়া শান্ত, অবিচল এক শেষ প্রহরী; অন্যপাশে মাঝমাঠ থেকে বিদ্যুৎ গতিতে ছুটে যাওয়া এক দুর্দান্ত তুরুপের তাস।
তারুণ্য আর বার্ধক্যের এই মনস্তাত্ত্বিক যুদ্ধই ২০২৬ বিশ্বকাপকে চিরকাল মনে রাখার মতো এক মহাকাব্যে রূপ দিতে যাচ্ছে। যেখানে ৪৩ বছরের জেদ আর ১৭ বছরের স্বপ্ন মিলেমিশে একাকার হয়ে যাবে। ফুটবল দুনিয়া এখন অধীর আগ্রহে প্রহর গুনছে সেই মাহেন্দ্রক্ষণের, যখন এই দুই অসম যুগের প্রতিনিধিরা মুখোমুখি দাঁড়িয়ে প্রমাণ করবেন—ফুটবলের সবুজ জমিনে স্বপ্নের কোনো বয়সসীমা থাকে না।


