চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপরে ১ ফেব্রুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে শুনানি নিয়ে বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ দিন ধার্য করে।
এর আগে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেছিল হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর বিরুদ্ধে জামায়াতের প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু।
এর আগে ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। সারোয়ার আলমগীর রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধতা পাওয়ার পর তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে আপিল দায়ের করা হয়েছিল। জামায়াতের প্রার্থী অভিযোগটি দায়ের করেছিলেন। শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বাতিল করে।


