ইরান-ইসরায়ের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আসা বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে মধ্যপ্রাচ্যের অধিকাংশ এয়ারফিল্ড এবং ফ্লাইট ইনফরমেশন রিজিওন (এফআইআর) বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরই মধ্যে মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৭। যেটির চট্টগ্রাম থেকে সন্ধ্যা ৬টা ৩৫মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।
এছাড়া বিমান বাংলাদেশের বিজি-১৫১, ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৩৩ ফ্লাইটও বাতিল করা হয়েছে।
অন্যদিকে শারজাহ থেকে দুপুরে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল এয়ার আরাবিয়ার জি নাইন-৫২০, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৪ এবং সালাম এয়ারের ওভি-৪০৪; এর সবগুলোই বাতিল হয়েছে।
এক্ষেত্রে ব্যতিক্রম বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২২। এটি ওমানের মাস্কাট থেকে বিকাল ৫টায় চট্টগ্রামের পথে রওনা হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, উল্লেখিত আন্তর্জাতিক ফ্লাইটের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো কাজ করছে।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা ব্যবস্থা হিসাবে কাতার, বাহরাইন, আরব আমিরাত ও সৌদি আরবে হামলা চালিয়েছে ইরান। এই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। ইরানের পক্ষ থেকে শুধু সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার কথা জানানো হয়েছে।
ইরানের পাল্টা হামলার পরপরই কাতার, বাহরাইন ও আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।


