আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, আগ্রহী আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক, পর্যবেক্ষক সংস্থা ও বিদেশি গণমাধ্যমকে আগামী ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত রাখতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যেই আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমকে স্থানীয় পর্যবেক্ষকদের সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে।
এতে আরও বলা হয়, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক বা পর্যবেক্ষক সংস্থা এবং বিদেশি গণমাধ্যমকে ‘গাইডলাইনস ফর ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভার্স অ্যান্ড ফরেন মিডিয়া ২০২৫’-এর ২.৩, ২.৪, ২.৫, ২.৬ ও ৩.১ ধারার আলোকে আবেদন করতে হবে।
উল্লিখিত গাইডলাইন ও সংশ্লিষ্ট আবেদন ফরম নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.gov.bd-তে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সঙ্গে যোগাযোগ করা যাবে। তার ই-মেইল ঠিকানা [email protected] ও হোয়াটসঅ্যাপসহ মোবাইল নম্বর ০১৭১৫২৯৫০৪৬।


