চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) তাদের কার্যক্রমে নতুন মাইলফলক অর্জন করেছে। এক দিনে সর্বোচ্চ সংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
শুক্রবার সিপিএর সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) মোট ৫ হাজার ৭০৯ টিইইউ (২০ ফুট সমমানের কনটেইনার) হ্যান্ডলিং করা হয়েছে—যা এই টার্মিনালের ইতিহাসে সর্বোচ্চ।
এ ছাড়া ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে ১০ হাজার ১৬২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করা হয়, যা বন্দরের সামগ্রিক কার্যক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দেয়।
এর আগে চলতি মাসের ১১ এপ্রিল নিউ মুরিং কনটেইনার টার্মিনালে ৫ হাজার ৪৮৪ টিইইউ হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছিল। অল্প সময়ের মধ্যে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়া বন্দরের দক্ষতা ও উৎপাদনশীলতার ধারাবাহিক উন্নতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবস্থাপনা এবং টার্মিনাল অপারেটর চিটাগং ড্রাই ডক লিমিটেডের সমন্বিত প্রচেষ্টা এবং শ্রমিকদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিপিএ এই সাফল্য বন্দর শ্রমিকদের প্রতি উৎসর্গ করেছে এবং তাদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের স্বীকৃতি জানিয়েছে।


