চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ এবং লালদিয়া ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবিতে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম।
বুধবার সকাল ১১টায় নগরের দেওয়ান হাট মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে আগ্রাবাদ মোড় পর্যন্ত লাল পতাকা মিছিল করেন স্কপের শতাধিক নেতা-কর্মী।
স্কপের নেতারা বলেন, বন্দর জনগণের সম্পদ, এটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া যাবে না। কয়েক মাস ধরেই তারা ইজারা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন। এর অংশ হিসেবে বুধবারের মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) জেলা কমিটির সভাপতি তপন দত্ত, যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন।
সমাবেশে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানান কাজী শেখ নুরুল্লাহ বাহার। তিনি বলেন, ‘বন্দরে চাঁদাবাজি হয় বলে উপদেষ্টা যে অভিযোগ করেছেন, তার ভিত্তি কী আমরা জানি না। তিনি অবিলম্বে তাকে এমন বক্তব্য প্রত্যাহার করতে হবে।’
এর আগে সোমবার সচিবালয়ে উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম বন্দরে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার অবৈধ চাঁদা তোলা হয় এবং বন্দরের প্রায় প্রতিটি স্থানে চাঁদাবাজি হয়।
স্কপের বক্তারা এ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, বক্তব্য প্রত্যাহার না করা হলে এবং টার্মিনাল ইজারা বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ হওয়ায় নেতাদের আগ্রাবাদ মোড়ে কর্মসূচি শেষ করতে বলা হয়। তারা নির্দেশনা মেনে সেখানে কর্মসূচি শেষ করেন।


