চট্টগ্রাম শহরের নিউ মার্কেট মোড় দখলমুক্ত রাখতে চান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এজন্য বিকাল ৪টার আগে এই মোড় ঘিরে ফুটপাতে কোনো হকার বসতে না দেওয়ার নিয়ম ঠিক করে দিয়েছেন তিনি।
মঙ্গলবার নিউ মার্কেট ও আশপাশের এলাকায় সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলাকালে এসব কথা জানান মেয়র।
তিনি বলেন, ‘নিউ মার্কেট মোড় একটি ব্যস্ত এলাকা। এখানে ফুটপাত ও সড়ক দখল করে কোনো স্থায়ী দোকানপাট করা যাবে না। নিয়ম অমান্য করলে উচ্ছেদসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিকাল ৪টার পর থেকে রাত পর্যন্ত হকাররা ব্যবসা করতে পারবেন জানিয়ে মেয়র বলেন, ‘তবে এক্ষেত্রে শর্ত হলো, চাকাযুক্ত ভ্যান বা হাতে পণ্য বহন করে বিক্রি করতে হবে। কোনো ধরনের স্থায়ী কাঠামো তৈরি করা যাবে না। পাশাপাশি ব্যবসার পরে নিজেদের বর্জ্যও পরিষ্কার করতে হবে হকারদের।’
পথচারী ও যাত্রীদের চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয় হকারদের সেদিকে সতর্ক থাকতে বলেন শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘ফুটপাত বা সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


