চট্টগ্রাম জেলা সদর থেকে সাতকানিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও লোহাগাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে সাতকানিয়া উপজেলা সদরে স্থানান্তর করে আইন মন্ত্রণালয়ের জারি করা গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
রোববার বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী বদরুদ্দোজা বাদল। তিনি টাইমসকে জানান, শুনানি শেষে মঙ্গলবার আদেশ দেওয়ার দিন ধার্য করা হয়েছে।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সম্পাদকের করা রিটে বলা হয়, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় হয়েছে। এ অবস্থায় সাতকানিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও লোহাগাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থানান্তর করে আইন মন্ত্রণালয় গেজেট জারি করতে পারে না।
এর আগে ১২ জানুয়ারি সাতকানিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও লোহাগাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম জেলা সদর থেকে সাতকানিয়া উপজেলা সদরে স্থানান্তর করে গেজেট প্রকাশিত হয়।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ এর সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমানের স্বাক্ষরে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়, সংশ্লিষ্ট আইন ও ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ওই দুই আদালত চট্টগ্রাম জেলা সদর থেকে সাতকানিয়া উপজেলা সদরে স্থানান্তর করল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত ৭ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাতকানিয়া ও লোহাগাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম জেলা সদর থেকে সাতকানিয়া উপজেলা সদরে স্থানান্তর করা হয়।


