চূড়ান্ত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ

চূড়ান্ত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ
বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে প্ল্যাকার্ড হাতে এক শিক্ষার্থী। ছবি: শামীম-উস-সালেহীন/ টাইমস
Advertisement
Advertisement

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত খসড়া অধ্যাদেশটি চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অধ্যাদেশটি অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

রোববার এ খসড়া অধ্যাদেশটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এ বিষয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস ‘টাইমস অব বাংলাদেশ’কে বলেন, ‘আশা করছি, এই সপ্তাহের মধ্যেই অধ্যাদেশটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনুমোদন লাভ করবে। এরপর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই অধ্যাদেশ জারি করা হবে।’

এর আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মতামত সংগ্রহ, ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বসাধারণের মতামত গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন এবং বিশেষজ্ঞদের অভিমত গ্রহণসহ একাধিক ধাপ সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বিভাগটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশটি বর্তমানে সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

শিক্ষা মন্ত্রণালয় মনে করে, দীর্ঘদিনের ধৈর্য ও পারস্পরিক সহযোগিতার এই ধারা অব্যাহত থাকলে অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে, যা বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad