প্রতি বছর ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ এবং সড়ক অবরোধের মতো অপ্রীতিকর ঘটনা ঘটলেও এবার চট্টগ্রামে দেখা গেছে সম্পূর্ণ ব্যতিক্রমী ও স্বস্তিদায়ক চিত্র।
ঈদের আগেই চট্টগ্রামের শতভাগ তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে সরকারের বিভিন্ন দপ্তর এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সমন্বিত ও মানবিক প্রচেষ্টায় এই অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উদ্যোগেই এ সাফল্য। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শ্রমিকদের উৎসবের আনন্দ নিশ্চিত করতে তিনি নিজে তৎপর ভূমিকা পালন করেন। জেলা প্রশাসক স্পষ্ট জানিয়েছেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া তাদের অধিকার, আর এই অধিকার নিশ্চিতে মালিকপক্ষকে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা দেওয়া হয়েছে। এমনকি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত জেলার ১১টি পোশাক কারখানার প্রতিটিতেই নিবিড় তদারকির মাধ্যমে শতভাগ বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করা হয়েছে।
এই লক্ষ্য অর্জনে জেলা প্রশাসনের সঙ্গে জেলা পুলিশ, চট্টগ্রাম মহানগর পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ একযোগে কাজ করেছে।
ঈদকে সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরে শিল্পাঞ্চলগুলোতে কঠোর নজরদারি চালানো হয়। নিয়মিত সমন্বয় সভা, মাঠপর্যায়ে তদারকি এবং গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার কারণে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলা প্রশাসক নিজে উদ্যোক্তাদের ফোন করে এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে বেতন পরিশোধের অনুরোধ জানিয়েছেন।
ব্যবসায়ী নেতারা এই সফলতার পেছনে সরকারের সদিচ্ছা এবং পোশাক রপ্তানি খাতের প্রণোদনা (ইনসেনটিভ) সময়মতো ছাড় দেওয়াকে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
বিজিএমইএ ও বিকেএমইএ’র পক্ষ থেকে অনেক ক্ষেত্রে মালিকদের সুবিধার্থে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে অর্থের জোগান নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, শ্রমিকদের অধিকার রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমিকা এবারই প্রথম নয়; গত ঈদুল ফিতরেও একটি পোশাক কারখানার যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন মেটানোর নজির গড়েছিল প্রশাসন।


