ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২০টি কার্টনে করে আমগুলো আগরতলা স্থলবন্দরে পাঠানো হয়। আমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে আম পাঠানো হয়েছে। এর বিপরীতে ত্রিপুরা রাজ্য সরকারও বাংলাদেশ সরকারের জন্য তাদের বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস উপহার হিসেবে পাঠিয়ে থাকে।
সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া বলেন, উপহারের আমগুলো কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে পাঠানো হয়েছে। সেখান থেকে সেগুলো মুখ্যমন্ত্রী মানিক সাহা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে।


