খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করার আহ্বান সালাহউদ্দিনের

খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করার আহ্বান সালাহউদ্দিনের
Advertisement
Advertisement

সদ্য প্রয়াত খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, খালেদা জিয়ার জানাজা প্রমাণ করেছে তিনি এদেশের মানুষের কত আপনজন ছিলেন।

সোমবার দুপুরে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে রামপুর মিছবাহুল মাদ্রাসায় খালেদা জিয়ার জন্য বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের দোয়া তিনি পেয়েছেন। সারাবিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ জানাজার একটি তার নসিব হয়েছে। এতে বোঝা যায়, এদেশের মানুষ তার ওপর কত বেশি আস্থা রাখতেন, ভরসা করতেন।’

খালেদা জিয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। তিনি তার সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, কিন্ত পেয়েছেন এদেশের মানুষের ভালোবাসা। প্রতিষ্ঠা করেছেন মানুষের গণতান্ত্রিক অধিকার, আদায় করেছেন এদেশের মানুষের ভোটের অধিকার। আমরা সবাই যতদিন বেঁচে থাকব তার ত্যাগকে মূল্যায়ন করব।’

তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সেই শক্তি শুধু সংকীর্ণ নির্বাচনের কাজে আমরা ব্যবহার করব না, বরং এই বাংলাদেশ, এই জাতি বির্নিমাণে প্রয়োগ করব।’

গত ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad