চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে বসবাসরত ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন নারী এবং ৮৩ শিশু রয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দোহাজারী পৌরসভার ২ ও ৭ নম্বর ওয়ার্ডের ‘বার্মা কলোনি’ এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল বার্মা কলোনি এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের শনাক্ত করে আটক করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাইমস অব বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দোহাজারী পৌরসভার বার্মা কলোনি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে বসবাসরত ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে পুরুষ, নারী ও অপ্রাপ্তবয়স্করা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাদের কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের তত্ত্বাবধানে নির্ধারিত রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’


