কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ সাময়িকভাবে অপসারণ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার বিকালে মুফতি আমির হামজার আইটি বিভাগের বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আমির হামজার আইটি বিভাগ জানায়, গত কয়েক দিন ধরে পেজটি ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হচ্ছিল। এর ধারাবাহিকতায় মেটা সাময়িকভাবে পেজটি সরিয়ে নিয়েছে। তাদের দাবি, এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।
বিভাগটি আরও জানায়, পেজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলছে।
সমর্থকদের ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচার থেকে সতর্ক থাকতে এবং ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।


