চট্টগ্রামের সন্দ্বীপে একটি ব্রিকফিল্ডে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। অভিযানে ব্রিকফিল্ডের ম্যানেজারসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার আমানউল্লাহ ইউনিয়নের বিবিএসটি ব্রিকফিল্ডে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন ব্রিকফিল্ডের ম্যানেজার মো. রাসেদ (৪০) এবং রহমতপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর (৪৩)।
স্থানীয়রা জানিয়েছেন, যে ব্রিকফিল্ড থেকে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে সেটির মালিক আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দীন বাহাদুর। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, ব্রিকফিল্ডের আড়ালে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরির কার্যক্রম চলছিল।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ৩টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালায়। তল্লাশিকালে একটি দেশীয় একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো নাশকতামূলক পরিকল্পনার সঙ্গে এ ঘটনার সংশ্লিষ্টতা আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।


