চট্টগ্রামের দেওয়ানহাট ফ্লাইওভারে ঝুলে থাকা এক ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার দুপুর ২টার দিকে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার হওয়া ওই যুবকের নাম শহিদুল ইসলাম।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক ফ্লাইওভারের রেলিং ধরে বিপজ্জনকভাবে প্রায় এক ঘণ্টা ঝুলে ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তা চায়।
ফায়ার সার্ভিসের কর্মী উৎপল জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান যুবকটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলছেন। তিনি যদি নিচে লাফ দিতেন তবে নিচে চলন্ত গাড়ির ওপর পড়ে বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা ছিল।
উদ্ধারকারীরা প্রথমে নিচে একটি বিশেষ সুরক্ষাজাল তৈরি করেন, যাতে তিনি পড়ে গেলেও আহত না হন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের রেসকিউ গাড়ির সিঁড়ির সাহায্যে তাকে নিরাপদে নামিয়ে আনা হয়।
উদ্ধারকারী দলের একজন সদস্য বলেন, ‘হয়তো তিনি খাবারের খোঁজে উপরে উঠে যান। কথাবার্তায় মনে হচ্ছে শহিদুল মানসিকভাবে ভারসাম্যহীন। উদ্ধার অভিযানের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
দেওয়ানহাট পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুমন জানান, আপাতত তাকে দেওয়ানহাট পুলিশ বক্সে রাখা হয়েছে এবং তার স্বজনদের সন্ধান করার চেষ্টা চলছে।


