পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক এবং কৃষিঋণের বিস্তার হয়েছিল। কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের জন্য জিয়া খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তার সুযোগ্য পুত্র তারেক রহমানের হাত ধরে খাল খনন কর্মসূচি পুনর্জাগরণ হচ্ছে।’
বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংক মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের আমলেই মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিসহ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিল।
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দিগভ্রান্ত জাতিকে যুদ্ধের আহ্বান জানিয়েছেন। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলার শত চেষ্টা করা হয়েছে। মানুষের হৃদয়ে যার নাম, তার নাম ইতিহাস থেকে মোছা যায় না। যতদিন দেশ থাকবে, ততদিন দেশের মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে খাল, পুকুর, জলাশয় খনন ও পুনঃখনন পুনরায় চালু করেছেন। খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ বৃদ্ধি পাবে, কৃষিতে সেচের ব্যবস্থা হবে, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, নদীর নাব্য ফিরে আসবে এবং জলবদ্ধতা দূর হবে।’
তিনি বলেন, কৃষি ব্যাংক আর্থিক খাতের সুশৃঙ্খল প্রতিষ্ঠান। দেশের জনগণের ভাগ্যেন্নয়নে কৃষি ব্যাংক সরাসরি জড়িত।
কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী প্রমুখ।


