চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিয়াম ও আনিস। এদের মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায়। দুজনই আনোয়ারায় একটি ছয়তলা ভবনের নির্মাণকাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ছয়জন শ্রমিক ভবনটির বাইরের অংশে প্লাস্টারের কাজ শুরু করেন। একপর্যায়ে রেলিংয়ের পাশ ঘেঁষে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে যায়। এতে সিয়াম ও আনিস নিচে থাকা মাচার ওপর পড়ে যান। আঘাতের চাপে মাচাটিও ভেঙে নিচে ধসে পড়ে। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।


