চট্টগ্রামে নিত্যপণ্যের কৃত্রিম সংকট ঠেকাতে নিরাপত্তা জোরদার

চট্টগ্রামে নিত্যপণ্যের কৃত্রিম সংকট ঠেকাতে নিরাপত্তা জোরদার
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান চালিয়ে নিরাপত্তা জোরদার করছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: কোস্ট গার্ড
Advertisement
Advertisement

নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা দূর করতে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান চালিয়ে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করতে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে খাদ্যদ্রব্য মজুত করে রেখেছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।

এ তথ্যের ভিত্তিতে গত রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌ পরিবহন অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দরের সমন্বয়ে মোট ২৭টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান চালানো হয়।

আরও পড়ুন

এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট প্রতিরোধ ও মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে চট্টগ্রাম বন্দর ও বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ডের সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন সিয়াম-উল-হক।

একই সঙ্গে বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার বেশি সময় কোনো লাইটার, কোস্টার, অয়েল ট্যাংকারসহ খাদ্যদ্রব্য ও ভোজ্য তেলবাহী জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি ভোজ্য তেলবাহী জাহাজগুলোকে দ্রুত নিজ নিজ গন্তব্যে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হচ্ছে জানান তিনি।

আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে জানিয়ে লেফটেন্যান্ট কমান্ডার বলেন, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad