চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
দগ্ধ বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মো. সাখাওয়াত হোসেন (৪৬) ও আশুরা আক্তার পাখি (৩৫) মারা যান। দুজনেই শতভাগ দগ্ধ হয়েছিলেন।
এর আগে মঙ্গলবার দুপুরে সামির আহমেদ সুমন (৪০), সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান আক্তার রানী (৪০) ও তার ছেলে শাওন (১৬)।
সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর হালিশহরের এইচ ব্লকে এসি মসজিদ সংলগ্ন ছয়তলা ভবন হালিমা মঞ্জিলের তৃতীয় তলায় গ্যাসের বিস্ফোরণের এ দুর্ঘটনা ঘটে।
এতে দগ্ধ হন, মো. সাখাওয়াত হোসেন (৪৬), তার স্ত্রী নুরজাহান আক্তার রানী (৪০), ছেলে শাওন (১৬) মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন (৪০), তার স্ত্রী আশুরা আক্তার পাখি (৩৫), মেয়ে আয়েশা (৪), ছেলে ফারহান আহমেদ আনাস (৬) এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন (৩০)।


