কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে এক মাংস বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে। চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজার-সংলগ্ন এলাকায় শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মুজিব (৪০)। তিনি কাকারা ইউনিয়নের কসাইপাড়ার মৃত ফকির মোহাম্মদের ছেলে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় একই এলাকার আরিফ নামের এক যুবক মুজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। যাওয়ার আগে মুজিব স্ত্রীকে ইফতারের কিছু সামগ্রী কিনে দিয়ে আরিফের সঙ্গে বের হন। এরপর পরিবারের পক্ষ থেকে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
পরে রাত ১১টার দিকে স্থানীয় লোকজন শাহ ওমর মাজার-সংলগ্ন একটি বিল থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় মুজিবকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই আবদুল মালেক জানান, আরিফের সঙ্গে তাদের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষও হয়েছে এবং কয়েকটি মামলাও বিচারাধীন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তার ধারণা।
ঘটনার পর থেকেই পলাতক সন্দেহভাজন আরিফ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


