পুরান ঢাকার চকবাজারের একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, সোমবার বিকাল পৌনে ৫টার দিকে রহমতগঞ্জ ডালপট্টি এলাকার তিন তলা একটি আবাসিক ভবনে আগুন লাগে।
জনবহুল ও ঘনবসতিপূর্ণ হওয়ায় পুরান ঢাকায় আগুনের ঝুঁকি বেশি। ভবনগুলো একে অন্যটির গা ঘেঁষে অবস্থান করায় আগুন ছড়ায়ও দ্রুত। তাছাড়া সরু গলিপথের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছতেও পড়তে হয় প্রতিবন্ধকতার মুখে।
সবশেষ গত এপ্রিলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের একটি বাড়িতে আগুনে একজনের মৃত্যু হয়। এসময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন আরও অন্তত ছয় জন।
এই এলাকায় সবচেয়ে ভয়াবহ আগুনটি লেগেছিল ২০১০ সালের ৩ জুন রাতে। পুরান ঢাকার নিমতলীর একটি রাসায়ানিক গুদাম থেকে লাগা আগুনে সেসময় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২৪ জনে। এরপর ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় আরেকটি রাসায়নিক গুদাম থেকে ছড়ায় আগুন, যে আগুনে প্রাণ যায় ৭১ জনের।


