সাইফ পাওয়ারটেকের ব্যস্থাপনা পরিচালককে হুমকি দিয়ে ৪২ কোটি টাকা আদায়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অন্য আসামিরা হলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান, সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, আরামিট পিএলসির সহকারী জেনারেল ম্যানেজার আবদুল আজিজ এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মডেল ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ মিশাবাহুল আলম, ক্রিসেন্ট ট্রেডার্সের মালিক সৈয়দ নূরুল ইসলাম এবং রেডিয়াস ট্রেডিংয়ের মালিক ফারিদ উদ্দিন।
রোববার দুদকের উপসহকারী পরিচালক রুবেল হোসেন এই মামলা করেছেন।
মামলার বিবরণে বলা হয়েছে, আসামিরা তাদের ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতি এবং প্রতারণা করেন।
‘তারা ই-ইঞ্জিনিয়ারিং এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিনকে হুমকি দিয়ে কয়েক দফায় মোট ৪১ দশমিক ৭৫ কোটি টাকা ঘুষ নিয়েছেন।’
মামলায় আরও উল্লেখ করা হয়েছে যে, ওই টাকা পরে বিদেশে পাচার এবং অর্থ পাচারের জন্য স্থানান্তরিত এবং রূপান্তরিত করা হয়েছিল।
এ ঘটনায় দুর্নীতি প্রতিরোধ আইন এবং ২০১২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা করেছে দুদক।


