নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা একটি অ্যালবিনো মহিষ এখন গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় রসিকতা করে মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
সোনালি রঙের চুল ও মুখের গড়নের কারণে ৭০০ কেজি ওজনের এই মহিষটি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন হচ্ছে। আর বিষয়টি এবার নজরে এসেছে ইরানেরও।
রাশিয়ার মস্কোয় অবস্থিত ইরান দূতাবাস তাদের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে আসল ট্রাম্পকে খোঁচা দিয়ে লেখা হয়েছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’
পোস্টটির সঙ্গে রাশিয়ান সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও যুক্ত করা হয়। সেই প্রতিবেদনে রসাত্মক ভঙ্গিতে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে তুলনা করার পর থেকে মহিষটি নাকি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে!
এদিকে এই মহিষটিকে দেখতে প্রতিদিন নারায়ণগঞ্জের ওই খামারে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা বলেন, ‘আমার ছোট ভাই মাথার চুল দেখে রসিকতা করে এই নাম রেখেছে। মহিষটি খুব শান্ত স্বভাবের। অ্যালবিনো মহিষ সাধারণত শান্তই হয়, উত্তেজিত না করলে রাগ করে না।’
খামার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ওজন মেপে কেজি দরে এটি কিনে নিয়েছেন এক ক্রেতা। আসন্ন ঈদুল আজহায় মহিষটি কোরবানি করা হবে।


