ঘরে বন্দী করতে চাওয়াদের পক্ষে নারী সমাজ থাকতে পারে না: সালাহউদ্দিন

ঘরে বন্দী করতে চাওয়াদের পক্ষে নারী সমাজ থাকতে পারে না: সালাহউদ্দিন
পেকুয়ায় বক্তব্য রাখছেন সালাহউদ্দিন আহমদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলটির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নারীদের যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না, তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না’

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দলের প্রধান নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, যেটা নিয়ে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। আমরাও এই বক্তব্যের প্রতিবাদ জানাই।’

সোমবার পেকুয়ার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উপজেলা ছাত্রদল আয়োজিত মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা এই অবমাননাকর বক্তব্য দিয়েছেন, তারা নারীদের ঘরে আবদ্ধ করে রাখতে চান, কর্মস্থলে যেতে দিতে চান না। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলছেন, যাতে নারীদের কর্মসংস্থান না হয়। অথচ এদেশে সাম্য, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বির্নিমাণের জন্য মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। কিন্ত একটি দল তার বিপরীতে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমরা জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের জন্য অনেক নারীকে মনোনয়ন দিয়েছি। অথচ ওই দল কোনো নারীকে মনোনয়ন দেয়নি। তাদের কর্মকাণ্ডেই বোঝা যায়, তারা এ দেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়। তারা নারীদের অগ্রগতি, প্রগতি, সমৃদ্ধি ও মর্যাদা দিতে চায় না। এগুলো হলো মধ্যযুগীয় ভাবনা।’

তিনি বলেন, ‘আমাদের দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী, তেমনি পৃথিবীর প্রায় দেশেও তাই। এই অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে বা অন্ধকারে ফেলে রেখে কোনো দেশ বা পৃথিবী কখনো এগিয়ে যেতে পারে না।’ তিনি ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নারী অবমাননার জবাব দেওয়ার আহ্বান জানান।

উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিএনপির এই বলেন, ‘বেগম খালেদা জিয়া এ দেশের নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বলেই আজ নারী শিক্ষার হার অনেক বেড়েছে। আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীর বাংলাদেশের অগ্রগতি প্রগতি ও সমৃদ্ধি নিয়ে আসবে।’

অনুষ্ঠানে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী ও উপজেলা ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন। এ সময় বৃত্তিপ্রাপ্ত ও কুইজ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সালাহউদ্দিন আহমদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad