গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে স্টেডফাস্ট কুরিয়ারের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম সাইফ মঙ্গলবার এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় যে, স্টেডফাস্ট কুরিয়ার বিপুল সংখ্যক গ্রাহকের ব্যক্তিগত তথ্য তথাকথিতভাবে ডার্ক ওয়েবে বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।
তথ্য ফাঁসের ফলে স্টেডফাস্ট কুরিয়ারের হাজার হাজার গ্রাহক মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছেন, যার মধ্যে রয়েছে
ভুয়া ডেলিভারি কল ও এসএমএস প্রতারণা, ফিশিং ও ওটিপি জালিয়াতি, পার্সেল রিডাইরেকশন ও অন্যান্য লজিস্টিকস প্রতারণা।
একটি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা স্টেডফাস্ট কুরিয়ারের আইনগত ও নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের সম্ভাব্য অবহেলা বা নিরাপত্তা ঘাটতি গ্রাহকের মৌলিক গোপনীয়তার অধিকারের লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে।
এর পরিপ্রেক্ষিতে নোটিশ পাওয়ার দিন থেকে আগামী সাত দিনের মধ্যে তথ্য ফাঁসের অভিযোগের সত্যতা যাচাই করে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
গ্রাহকের তথ্য সুরক্ষায় গৃহীত ও ভবিষ্যতে গ্রহণযোগ্য পদক্ষেপ সম্পর্কে জানাতে হবে। যদি তথ্য ফাঁস হয়ে থাকে, তবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য উপযুক্ত প্রতিকার ও ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।


