গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এঁকেবেঁকে মোটরসাইকেল চালানোর সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া আঞ্চলিক মহাসড়কের সিঙ্গিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সাজিদুল মোল্লা (১৯)। তিনি উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার বাসিন্দা হায়দার মোল্লার ছেলে।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী জানান, নিহত সাজিদুল দুই বন্ধুকে সঙ্গে নিয়ে গিমাডাঙ্গা বাজার থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারানোর কারণে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সাজিদুল নিহত হন এবং তার দুই বন্ধু জাকির হোসেন মোল্লা (২০) ও আবদুল্লাহ শেখ (১৯) গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক জিগজ্যাগ স্টাইলে (এঁকেবেঁকে) দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজে পাঠান। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাজিদুল মোল্লাকে মৃত ঘোষণা করেন। অপর দুজন চিকিৎসাধীন।


