গাড়িচাপায় শ্রমিক নিহত: কিশোর চালকের জামিন শুনানি পেছাল

গাড়িচাপায় শ্রমিক নিহত: কিশোর চালকের জামিন শুনানি পেছাল
মঙ্গলবার বিকালে রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা যুবক মেহেদী হাসানকে চাপা দেয় একটি প্রাইভেট কার। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় ফুটপাতে বসে থাকা নির্মাণ শ্রমিক মেহেদী হাসান নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭ বছর বয়সী কিশোরের জামিন শুনানির জন্য আগামী ৪ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।

রোববার ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন কিশোরের পক্ষে আইনজীবী মো. আলমগীর হোসেন জামিনের আবেদন করেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য সময় চান তিনি। পরে আদালত আগামী ৪ অক্টোবর জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ওই কিশোরকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই আরেফীন ইসলাম তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

মামলা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী হাসান। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা লোকজন গাড়িটির চালকের আসনে থাকা ওই কিশোরকে আটক করে পুলিশে দেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পরদিন ২৩ সেপ্টেম্বর নিহত মেহেদী হাসানের ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এ ঘটনায় ব্যাপক সমালোচনার পর পুলিশ ওই কিশোরকে পুনরায় গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad