গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
কালিয়াকৈরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাখালিয়াচালা এলাকার মোতালেব ওয়ার্ক শপের গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগে, পরে তা খুব দ্রুত পাশের চায়ের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা দোকানদার আলী হোসেন, ক্রেতা সফিকুল ইসলাম, শামীম আহমেদ এবং শাহিন অগ্নিদগ্ধ হয়।
পরে দগ্ধদের উদ্ধার করে স্থানীয় তানহা হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে পাঠানো হয়।


