গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন স্থানীয় ছাত্রলীগ নেতা এবং অন্যজন পেশায় রিকশাচালক। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন পলাশবাড়ী পৌর শহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ও পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক হাসান আলী প্রধান (২৬) এবং একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে সিদ্দিক উদ্দিন (৩৫)। আহত যুবকের নাম মারুফ প্রধান (১৮)। তার অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বুধবার রাত পৌনে ১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌর শহরের রাইগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রাতে অটোরিকশা নিয়ে তারা পলাশবাড়ী শহরের দিকে আসছিলেন। পথে রাইগ্রাম এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে হাসান এবং দুপুরে সিদ্দিক মারা যান। গুরুতর আহত মারুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এসআই ফারুক জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


