কানাডায় প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশু-কিশোরদের মাঝে বাংলাদেশের বিজয় দিবসের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে বিজয় দিবসের প্রাক্কালে বিশেষ এই চিত্রাঙ্কনের আয়োজন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক নানা বিষয়সহ বাংলাদেশের জাতীয় ফুল, জাতীয় পাখি ও প্রকৃতির কথা শিশুদের সামনে তুলে ধরা হয়।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে পরিচালিত ক্যালগেরির বাংলা স্কুল বাংলাদেশ সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে। আর বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি সেখানকার শিশুদের আগ্রহ সৃষ্টি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
বিশিষ্ট চিত্রশিল্পী জেরিন তাজের জেরিন’স আর্ট স্টুডিওর তত্ত্বাবধায়নে প্রবাসে বেড়ে উঠা কোমলমতি শিক্ষার্থীরা এই চিত্রাঙ্কন আয়োজনে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির শিক্ষা সচিব ড. দেলোয়ার হোসাইন, আইটি সচিব তাইপুর ইসলাম, যুব সম্পাদিকা সুবর্ণা খন্দকারসহ অভিভাবকবৃন্দ ও ক্যালগেরির সুধীজনেরা।
এসব সৃজনশীল কার্যক্রম করতে গিয়ে পুরো অনুষ্ঠানজুড়ে কোমলমতি শিশুদের মধ্যে উচ্ছ্বাস, দেশের সংস্কৃতি ও দেশকে জানার আনন্দ ও সৃজনশীলতার প্রাণবন্ত প্রকাশ দেখতে পাওয়া যায়।
অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু শিশুদের শিক্ষার মান উন্নয়নে সহায়ক নয়, বরং নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও মাতৃভাষার সঙ্গে সংযুক্ত রাখার একটি কার্যকরী উপায়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে, যা শিশুদের মধ্যে দেশপ্রেম, সৃজনশীল চিন্তা এবং বাংলা ভাষা শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


