গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার ঘণ্টা পর শুক্রবার বিকাল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত সাদাদ আহমেদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। সে এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ত। গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাড়িতে থাকত সাদাদ।
স্থানীয়রা বলেন, পহেলা বৈশাখে ঘাঘট নদীর মিনি জাফলংয়ে চার বন্ধু মিলে ঘুরতে আসে। সাদাদ নামে এক শিক্ষার্থী গোসল করতে নামে। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও তাকে আর দেখা যায়নি। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুজি করে সন্ধান না পাওয়ায় গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা রংপুর থেকে ডুবুরি দলের সদস্যদের নিয়ে আসেন। ডুবুরি দলের সদস্যরা ভেড়ামারা ব্রীজ সংলগ্ন ঘাঘট নদীর পানির নিচ থেকে সাদাদের মরদেহ উদ্ধার করে।
সাদাদের বন্ধু রিয়াদ বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে আমরা চার বন্ধু বেড়াতে বের হই। হঠাৎ করে সাদাদ গোসল করার জন্য একাই নদীতে নামে। দীর্ঘ সময়েও তার কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। ৪ ঘণ্টা পরে তার লাশ পাওয়া গেছে।’
রংপুর ডুবুরি ইউনিট লিডার আসাদুজ্জামান বলেন, ‘আমরা প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।’


